সাতক্ষীরা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৫ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো লাইনের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়।
হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন-মো. সেকেন্দার হোসেন (৩৩), মো. আব্দুল্লাহ গাজী (৩৮), ঝর্ণা খাতুন (৩৮), মোছা. নাজমা বিবি (৩৩), তার মেয়ে মাহেরা আক্তার (৬), ছেলে নাজমুল হাসান নাইম (১৬), মেয়ে মিনা (১৩), মোছা. মাফুজা খাতুন (৩৪), মেয়ে তানিয়া সুলতানা (১০), ছেলে মাফুজ রহমান (২), মর্জিনা বেগম (৪৪), মেয়ে হাসিনা খাতুন (১০), রুহুল আমিন (৪০), তার স্ত্রী শেফালী বেগম (৩৫) ও মেয়ে সুমাইয়া আক্তার (৭)।
বিজিবির বরাতে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, অবৈধভাবে ভারত প্রবেশের দায়ে গত ২৬ আগস্ট রাতে হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে বিএসএফ নারী ও শিশুসহ ১৫ বাংলাদেশি নাগরিককে আটক করে। আটকের দুইদিন পর বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো লাইনে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। পরে রাত ১১টার দিকে আব্দুল্লাহ গাজী বাদে বাকি সবাইকে পরিবারের কাছে তুলে দেওয়া হয়।
