নারিকেল চুরির মীমাংসা করতে গিয়ে বিএনপি নেতা খুন

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৭:১৯ পিএম

পিরোজপুরের ভান্ডারিয়ায় নারিকেল চুরিকে কেন্দ্র করে উপজেলার ভিটাবাড়ি ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামের আইউব আলী খলিফার ছেলে ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝন্টু নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

স্থানীয় ও ভান্ডারিয়া থানা সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের মৃত আব্দুল হালিম প্রফেসরের বাড়ি থেকে গত ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বেশ কিছু নারিকেল পেড়ে নেয় একই এলাকার মজিবুর খানের ছেলে রুবেল খান।

এ ঘটনায় ওই রাতেই হালিম প্রফেসরের ছেলে মাসুদ থানায় একটি লিখিত অভিযোগ দেন এবং তার স্বজন ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ঝন্টুকে জানায়। ঝন্টু ওই রাতেই রুবেলকে নারিকেল ফিরিয়ে দিতে বলে। রুবেল সে কথায় কর্ণপাত না করে উল্টো ঝন্টুকে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন।

পরেরদিন শুক্রবার সকাল সাড়ে ৯ দিকে ঝন্টু মাসুদদের বাড়ির সামনে গেলে রুবেল সেখানে গিয়ে তার সাথে থাকা চাকু দিয়ে ঝন্টুর শরীরে একাধিক আঘাত করে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা ঝন্টুকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. খায়রুল বাশার জানান, আজ সকালে রেজাউল করিম ঝন্টু নামের এক ব্যাক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেন জানান, রেজাউল করিম ঝন্টুর লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেলকে আটকের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত