আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ এবং শামীম আরা নিপা। লোকজ, ধ্রুপদী ও ক্লাসিক্যাল নৃত্যে মঞ্চ ও টেলিভিশনে এ জুটি দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তার শীর্ষে। বর্তমানে তারা রয়েছেন যুক্তরাষ্ট্রে। তার আগে যুক্তরাজ্যের বিভিন্ন মঞ্চে তারা নৃত্য পরিবেশন করেছেন। সেখান থেকে গেছেন যুক্তরাষ্ট্রে। প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে যুক্তরাজ্যের বিভিন্ন মঞ্চে নৃত্য পরিবেশনের মধ্যদিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তারা। এ বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে শামীম আরা নিপা বলেন, অনেকটা সময় পর আমরা দুজন প্রবাসী বাঙালিদের আয়োজনে নৃত্য পরিবেশন করছি। প্রবাসী বাঙালিদের সামনে যখন আমরা নাচ পরিবেশন করি, তখন পুরো অডিয়েন্স মাতৃভূমির প্রতি শ্রদ্ধা দেখান, আমরাও তাদের ভালোবাসা দেখে আপ্লুত হই। শিবলী মোহাম্মদ অনেকটা অভিমানের সুরে বললেন, নৃত্য শিল্পটাকে সব সময় অবহেলা করা হয়। যা অন্যান্য শিল্পের ক্ষেত্রে দেখা যায় না। অবহেলিত এই শিল্পটাকে আমরা গুটিকয়েক শিল্পী বহু কষ্টে দেশে এবং বিদেশে জনপ্রিয় করার জন্য আজও আপ্রাণ চেষ্টা করে চলেছি।
×
