কুমিল্লায় ডা. তাহের

প্রধান উপদেষ্টা ওয়াদা ভেঙে রোডম্যাপ দিয়েছেন

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৭:৩০ এএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্যে করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ওয়াদা ভঙ্গ করে যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন, সেটি একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনকে ভ-ুল করার উদ্দেশ্যমূলক নীলনকশা।’

গকবাল শুক্রবার কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংস্কার এবং বিচার কার্যক্রম দৃশ্যমান না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করার প্রতিশ্রুতি ছিল অন্তর্বর্তী সরকারের। কিন্তু সেই প্রতিশ্রুতি উপেক্ষা করেই প্রধান উপদেষ্টা একতরফাভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। এতে জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে সরকার কি কোনো চাপে পড়ে পরিকল্পিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে?

ডা. তাহের বলেন, আমরা নির্বাচন চাই, এবং ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আমাদের আপত্তি নেই। জামায়াত ১৫ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়, তা নিশ্চিত করতে হবে। এর জন্য কিছু মৌলিক বিষয়ে সমাধান জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই চার্টারকে আইনগত ভিত্তি প্রদান না করেই নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে। যদি এ চার্টার আইনি বৈধতা না পায়, তাহলে নির্বাচনের ভিত্তি দাঁড়াবে শূন্যে। জনগণ তা মেনে নেবে না, বলেন তিনি।

নির্বাচনীব্যবস্থার পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন ডা. তাহের। তিনি বলেন, নির্বাচন কমিশন এখনো ঠিক করেনি তারা প্রচলিত পদ্ধতিতে ভোট নেবে, নাকি প্রস্তাবিত নতুন পিআর (প্রতিনিধিত্ব পদ্ধতি) প্রয়োগ করবে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া রোডম্যাপ ঘোষণা করা নির্বাচন কমিশনের বড় ধরনের গাফিলতি এবং দায়িত্বজ্ঞানহীনতা। এজন্য কমিশনের উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া।

ডা. তাহের আরও বলেন, আমরা চাই নির্বাচন হোক, তবে সেটা জনগণের স্বার্থে হোক, কোনো গোষ্ঠী বা বিদেশি শক্তির চাপের ফসল না হোক। আমরা সরকার ও নির্বাচন কমিশনকে বাধ্য করব নির্বাচন হতে হবে জুলাই চার্টার, রিফান্ড ও পিআর কাঠামোর ভিত্তিতে।

সভায় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মো. মাহফুজুর রহমানের সভাপতিত্ব আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মো. শাহজাহান অ্যাডভোকেট, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর আমির মাওলানা ইব্রাহীম, সহকারী সেক্রেটারি আব্দুর রহিম এবং ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেম ও সেক্রেটারি মুকবুল আহমেদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত