নেত্রকোনার দুর্গাপুরে ভিমরুলের কামড়ে রোকেয়া বেগম (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) সকালে পৌর শহরের তেরিবাজার এলাকায় ভিমরুলের কামড়ে রোকেয়া বেগম আহত হলে পরিবারের সদস্যরা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহত বৃদ্ধা রোকেয়া বেগম তেরি বাজার বড় মসজিদের সাবেক মুয়াজ্জিন মরহুম হাজী আব্দুল জব্বারের স্ত্রী।
নিহত বৃদ্ধার নাতি দুর্গাপুর সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ শফিকুল আলম সজীব জানান, শুক্রবার সকালে বাড়ির পাশের রাস্তায় হাঁটছিলেন রোকেয়া বেগম। সে সময় হঠাৎ একদল ভিমরুল তাকে আক্রমণ করে এবং শরীরে একাধিক স্থানে হুল ফোটায়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
রাতে শারীরিক অবস্থার কিছু উন্নতি হলে চিকিৎসকের পরামর্শে বাড়ি নিয়ে যাওয়া হয়। তবে শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
