চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় খেলতে গিয়ে পানিতে ডুবে মো. আরিয়ান নামে ২ বছর ৮ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকালে পুকুরের পানিতে ডুবে মারা যায় শিশুটি।
শিশু আরিয়ান উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আস্কর আলী বড় বাড়ি এলাকার যুবদল নেতা মোবিনুল হকের পুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকালে বাড়ির অন্য শিশুদের সাথে উঠানে খেলা করছিল আরিয়ান। হঠাৎ উঠানে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখা যায় তাকে। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
