আমি ভাঙলেও মচকাই না, যত নোংরা আক্রমণ আসুক আরও শক্ত হবো: জুমা

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০২:৫০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী ফাতিমা তাসনিম জুমা বলেছেন, “আমাকে নিয়ে যতই কুৎসা রটানো হোক আমি ভেঙে পড়ব না, বরং আরও শক্তিশালী হয়ে ফিরব।”

সম্প্রতি ডাকসু নির্বাচনী প্রার্থীদের নিয়ে আয়োজিত একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রশ্নের জবাব দিতে গেলে জুমাকে বাধার মুখে পড়তে হয়। 

অন্যান্য প্যানেলের অতিথি বক্তা ও সমর্থকরা তার বক্তব্যে বারবার হস্তক্ষেপ করলে সেখানে উত্তেজনা তৈরি হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

রবিবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে জুমা লিখেছেন, “আমার সঙ্গে যুক্তি দিয়ে বিতর্ক করুন, তর্কে হারাতে পারলে সেটা বলুন। কিন্তু আমার চরিত্র হননের চেষ্টা করে কোনো লাভ হবে না। আমি যদি ভেঙেও যাই, কখনও ভেঙে পড়ি না। আমাকে নিয়ে যত নোংরা কাজ করা হবে, আমি তত শক্ত হব।”

তিনি আরও বলেন, “টকশোতে আমাকে ইচ্ছাকৃতভাবে কথা বলতে দেওয়া হয়নি। একের পর এক অযৌক্তিক প্রশ্ন করা হয়েছে এবং স্লোগান দিয়ে আমার বক্তব্য চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। বাধ্য হয়ে আমাকে উচ্চস্বরে প্রতিবাদ করতে হয়েছে।”

অপপ্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে জুমা বলেন, “আমি চাই প্রতিপক্ষরা যুক্তি দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুক। কিন্তু কেউ যদি আমার নাম ব্যবহার করে অশালীন কনটেন্ট বানাতে চায়, সেটা কাউকে বিশ্বাস করাতে পারবে না। এসব নোংরামি করে তারা শুধু নিজেদের অবস্থান দুর্বল করছে।”

তিনি জানান, ডাকসু নির্বাচনে জেতা বা হারার বিষয়টি তার কাছে মুখ্য নয়। “ডাকসুর বাইরেও আমি রাজনীতিতে সক্রিয় আছি। আমি প্রমাণ করেছি যে মুজিববাদী বয়ান আর কার্যকর নয়, এটা বুঝে অনেকেই অস্বস্তিতে পড়েছেন।”

স্ট্যাটাসের শেষ অংশে জুমা লিখেন, “এই অন্যায়ের বিচার আমি আল্লাহর হাতে ছেড়ে দিলাম। আমি বিশ্বাস করি, আল্লাহ আমাকে এই সংগ্রাম চালিয়ে যাওয়ার শক্তি দেবেন। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল।”

প্রসঙ্গত, গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলায় একটি বেসরকারি টেলিভিশন টকশোতে বিভিন্ন ছাত্রসংগঠনের প্রার্থীরা অংশ নেন। সেখানে মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত