তারল্যের দিক থেকে শক্ত অবস্থানে মেঘনা ব্যাংক

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৯:৩০ পিএম

দেশের ব্যাংক খাতে তারল্য সংকট সত্ত্বেও মেঘনা ব্যাংক রয়েছে দৃঢ় অবস্থানে। সর্বশেষ তথ্য অনুযায়ী ব্যাংকটির ঋণ-আমানত অনুপাত (এডিআর) মাত্র ৭৬ দশমিক ৪৬ শতাংশে সীমাবদ্ধ ।

২০২৪ সালের শেষে মেঘনা ব্যাংকের আমানত স্থিতি ছিল ৮ হাজার ৬৮৪ কোটি টাকা। মেঘনা ব্যাংক সূত্র জানায়, গত বছর দেশের অনেক ব্যাংকের আমানত কমলেও মেঘনা ব্যাংকের নীট আমানত ২ হাজার ১৮১ কোটি টাকার বেড়েছে। এর সাথে ২০২৫ সালের জুন শেষে আরও ৪৭২ কোটি টাকা বৃদ্ধি পেয়ে আমানতের স্থিতি দাঁড়িয়েছে ৯ হাজার ১৫৬ কোটি টাকায় ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ছাদেকুর রহমান বলেন, “চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে মেঘনা ব্যাংকের আর্থিক ভিত্তি যথেষ্ট মজবুত। ব্যাংকের বর্তমান ক্রেডিট রেটিং ডাবল এ প্লাস (AA+) এবং সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, মূলধন পর্যাপ্ততার অনুপাত (CRAR) ১৫ দশমিক শূন্য ৬ শতাংশের বেশি এবং খেলাপি ঋণের হার মাত্র ৪ দশমিক ৭৮ শতাংশ, যা ব্যাংক খাতের গড়ের তুলনায় অনেক কম ।”

তিনি আরও জানান, টেকসই আমানত প্রবৃদ্ধি, ঋণের বহুমুখীকরণ, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন, সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ এবং আয়ের বহুমুখীকরণ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতাকে আরও শক্তিশালী করছে ।

মেঘনা ব্যাংকের নতুন শাখা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর সেবার উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা অর্জনের ধারাবাহিক প্রচেষ্টা ব্যাংকটিকে একটি টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে । 

আর্থিক অন্তর্ভুক্তি বিস্তারে এবং নগদ লেনদেনবিহীন সমাজ গঠনে মেঘনা ব্যাংক সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে ব্যাংকটি চালু করেছে মোবাইল অ্যাপভিত্তিক সেবা “Meghna Pay”, উন্নতমানের ইন্টারনেট ব্যাংকিং এবং আধুনিক ক্রেডিট কার্ড। এসব উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের নগদবিহীন লেনদেনে উৎসাহিত করা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান VISA টানা তিন বছর—২০২২, ২০২৩ এবং ২০২৪ সালে—মেঘনা ব্যাংককে কার্ড সেবায় সেরা পারফরম্যান্সের স্বীকৃতি প্রদান করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত