খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির অপহৃত শিক্ষার্থী আল রাফিকে (১১) সেনাবাহিনী অভিযান চালিয়ে উদ্ধার করেছে। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে অপহরণ করে।
পরিবার ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ঘটনা জানাজানি হলে খাগড়াছড়ি সদর জোন অপহৃতকে উদ্ধারে অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৫টার দিকে পানছড়ি আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি আভিযানিক দল পানছড়ির মোল্লাপাড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার করে। অপহরণকারী খাগড়াছড়ি সদরের মোহাম্মদপুরের আব্দুর রহিমের ছেলে বাদশা মিয়া (২৮) কে আটক করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পানছড়ি বাজারে অভিযান চালিয়ে ইটখোলা গ্রামের হানিফ হোসেনের ছেলে কামরুল হাসান (৩২) কে আটক করা হয়। এ ঘটনার মূল পরিকল্পনাকারী খাগড়াছড়ি সদরের মোহাম্মদপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল মালেক মিয়া (মালু) এখনো পলাতক রয়েছে।
খাগড়াছড়ি সদর জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পলাতক অপহরণকারীকে ধরতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। রাত ১০টায় সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন থেকে আসামিদেরকে খাগড়াছড়ি সদর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা দুই আসামিকে পুলিশের নিকট হস্তান্তরের কথা স্বীকার করে জানান, আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য যে, দীগিনালা উপজেলার হাসিনপুর গ্রামের এ শিশুটি জেলা শহরের আনন্দনগর (বলপিয়ে আদাম) এলাকায় সেনা সদস্য খালুর বাড়িতে থেকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ইংরেজি মাধ্যমে ৪র্থ শ্রেণিতে পড়াশুনা করছিলো।
হুমকিতে নৌবন্দর বিদ্যুৎকেন্দ্র
অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ফেনীর শিক্ষার্থী নিহত