কুমিল্লার মনোহরগঞ্জে কর্মস্থলে বাগ্বিতণ্ডার জেরে সহকর্মীর বুকে রড ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক নির্মাণশ্রমিকের বিরুদ্ধে।
সোমবার (০১ সেপ্টেম্বর) রাতে উপজেলার লক্ষ্মণপুর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর পর স্থানীয় লোকজন অভিযুক্তকে ধরে পুলিশে সোপর্দ করেন।
নিহত ফরহাদ হোসেন (২০) একই উপজেলার বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে, পেশায় রাজমিস্ত্রি।
অভিযুক্ত মাহফুজ আলম উপজেলার সাইকচাইল গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ফরহাদ ও মাহফুজ দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন। সোমবার লক্ষ্মণপুর বাজারে একটি ভবনের নির্মাণকাজ চলাকালে তাদের মধ্যে টাকাপয়সাসহ নানা বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মাহফুজ রড দিয়ে ফরহাদের বুকে আঘাত করে পালানোর চেষ্টা করেন। স্থানীয় লোকজন গুরুতর আহত ফরহাদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আর মাহফুজকে ধরে মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
ওসি জানান, মাহফুজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে তাদের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
