খালে থাকা কুমির ১৭ বছর মানুষকে যন্ত্রণা দিয়েছে: গয়েশ্বর চন্দ্র রায়

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খাল খননের সময় একটি কুমির ছিল, যা দীর্ঘ ১৭ বছর মানুষকে কষ্ট দিয়েছে এবং এখন দিল্লিতে পালিয়ে আছে। তিনি বলেন, খাল খননের উদ্দেশ্য ছিল মহৎ, তবে কুমির বের করা সম্ভব নয়; খাল কেটে স্বচ্ছ পানি আনা হবে।

মঙ্গলবার দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

মুগদার পূর্ব মানিকনগর বালুর মাঠসংলগ্ন এলাকায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রথমে বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও অনুষ্ঠান শুরু হয় পৌনে একটায়। ১২:৫০ মিনিটে গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত হন। এরপর তিনি খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেন এবং খালের পাশে একটি স্থানে বৃক্ষরোপণও করেন। 

পরে বালুর মাঠ ইউনিট বিএনপির সেক্রেটারি মেহেদী হাসানের নেতৃত্বে কার্যক্রম চলে। স্থানীয় নেতা-কর্মী ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীসহ অন্তত চল্লিশ জন অংশ নেন। বেলা আড়াইটা পর্যন্ত কার্যক্রম চলছিল।

গয়েশ্বর চন্দ্র রায় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “আমরা সরকারে নেই। আগে আমাদের সরকার পরিচালনার দায়িত্ব দিন, তারপর দাবিদাওয়া করুন। মাঝে মাঝে যা দেখেন, তা হলো ভোটের অধিকার রক্ষায় একটি ষড়যন্ত্র।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত