এইচআরএসএস’র প্রতিবেদন

সাংবাদিকদের ওপর হামলা ও মব সহিংসতা বেড়েছে 

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ পিএম

চলতি বছরের আগস্ট মাসে এর আগের মাসের (জুলাই) তুলনায় সাংবাদিকদের ওপর হামলা, নীপিড়নের ঘটনা দ্বিগুন বেড়েছে। পাশাপাশি মব সহিংসতার মাধ্যমে গণপিটুনির ঘটনাও আগের মাসের তুলনায় বেড়েছে। আগস্টে কমপক্ষে ৩৯ টি ঘটনায় ৭২ জন সাংবাদিক হত্যা, নির্যাতন ও গ্রেপ্তারের শিকার হয়েছেন। জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে মব সহিংসতা ও গণপিটুনীর ঘটনা বেড়েছে। এ সময়ে মব সহিংসতা ও গণপিটুনীর ৩৮ টি ঘটনায় ২৫ জন নিহত ও অন্তত ৩৯ জন আহত হয়েছেন।

মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এসব তথ্য জানিয়ে বলছে, আগস্ট মাসের মানবাধিকার পরিস্থিতি ছিলো উদ্বেগজনক। গত মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। 

প্রতিবেদনে বলা হয়, আগস্টে একজন সাংবাদিককে হত্যা, হামলায় আহত হয়েছেন ৩৩ জন, লাঞ্ছনার শিকার হয়েছেন ৫ জন, হুমকির সম্মুখীন হয়েছেন ১১ জন ও গ্রেপ্তার হয়েছেন ১ জন সাংবাদিক। এছাড়াও ১ টি মামলায় ২ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে এবং অন্তত ১৯ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। গত ৭ আগস্ট গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

এইচআরএসএস’র প্রতিবেদনে গত ২৯ আগস্ট রাজধানীর কাকরাইল বিজয়নগরে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের সাথে জাতীয় পার্টির সংঘর্ষের পর গণঅধিকার পরিষদের কর্মসূচিতে পুলিশ ও সেনাবাহিনীর হামলায়  ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতা-কর্মী মারাত্মকভাবে আহত হওয়ার ঘটনাটি উল্লেখ করা হয়। এছাড়া এই ঘটনার জেরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনার বিষয়টি উল্লেখ করা হয় প্রতিবেদনে। 

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনার বিষয়টি উল্লেখ করে এইচআরএসএস’র প্রতিবেদনে বলা হয়, এসব সংঘর্ষের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২৯ ও ৩০ আগস্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে পার্শ্ববর্তী এলাকাবাসীর সহিংসতায় চার শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।  

প্রতিবেদনে আগস্ট মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে এইচআরএসএস বলছে, মব সহিংসতা, গণপিটুনিতে নির্যাতন ও হত্যা, সাংবাদিকদের ওপর হামলা এবং সীমান্তে নিরীহ বাংলাদেশি হত্যা বেড়েছে।  এছাড়া রাজনৈতিক সহিংসতা, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ, নারী নিপীড়ণ ও ধর্ষণ, শিশু নির্যাতন, শ্রমিকদের উপর হামলা, কারাগারে মৃত্যু, সভা-সমাবেশে বাধা প্রদানের মতো ঘটনা অব্যহত রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আগস্ট মাসে কমপক্ষে ৬৭ টি ‘রাজনৈতিক সহিংসতা’র ঘটনায় ৪ জন নিহত এবং ৫১৪ জন আহত হয়েছেন। তবে, আগস্ট মাসে রাজনৈতিক সহিংসতার সংখ্যা জুলাই মাসের  তুলনায় কিছুটা কমেছে। 

আগস্ট মাসে অন্তত ৬৪ জন ধর্ষণের শিকার হয়েছে উল্লেখ করে এইচআরএসএস বলছে, তাদের মধ্যে ৩৩ জন ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোরী এবং এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে, ১৮ জন নারী ও কন্যা শিশু গণধর্ষনের শিকার হয়েছেন এবং ধর্ষনের পর হত্যা করা হয়েছে ৩ জনকে। এছাড়া ২৬ জন নারী ও কন্যা শিশু যৌন নিপীড়ণের শিকার হয়েছেন যার মধ্যে  ১২ জন শিশু। এছাড়া শিশু নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এইচআরএসএস’র প্রতিবেদনে বলা হয়েছে, আগষ্ট মাসে ১৩৩ জন শিশু নির্যাতনের শিকার হয়েছেন যাদের মধ্যে ১৭ জন প্রান হারিয়েছে এবং ১১৬ জন শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। 

এইচআরএসএস’র প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিভিন্ন সন্ত্রাসবিরোধী আইনের ধারায় কমপক্ষে ১৪ টি মামলা হয়েছে। এ সকল মামলায় ৭১২ জনের নাম উল্লেখ করে এবং ২২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এছাড়া আগস্টে রাজনৈতিক মামলায় কমপক্ষে ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মী অন্তত ৪২৮ জন। এছাড়া সারাদেশে যৌথবাহিনীর বিশেষ অভিযানে আরও ৮ হাজার ৩৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের অধিকাংশই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী।

নীলফামারীতে শ্রমিক নিহতের ঘটনায় নিন্দা: 

নীলফামারীর উত্তরা ইপিজেডের একটি কারখানা বন্ধ ও শ্রমিক ছাটাইয়ের জেরে শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিক নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে এইচআরএসএস। বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এইচআরএসএস বলে, শ্রমিকের ন্যায্য দাবি ও নিরাপত্তা নিশ্চিত না করে সহিংসতার মাধ্যমে এই পরিস্থিতি সৃষ্টি হওয়া দু:খজনক ও মানবাধিকারের লঙ্ঘণ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থাসহ নিহত শ্রমিকের পরিবারের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছে এইচআরএসএস। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত