করতোয়া নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর আপেল মিয়া (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার করতোয়া নদীর মেরীরঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

নিহত আপেল মিয়ার বাড়ি একই উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বকদহ কলোনী গ্রামে। সে ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেনির ছাত্র ছিল।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, আজ বেলা ১ টার দিকে ফকিরগঞ্জ এলাকায় করতোয়া নদীতে আপেলসহ চারজন গোসল করার জন্য নামে। এক পর্যায়ে চার বন্ধু নদীর এক পাশ থেকে অন্য পাশে সাঁতারে যাওয়ার প্রতিযোগিতা করে। নদীর মাঝে গিয়ে নদীর ঢেউয়ের তোড়ে পড়ে তারা । আপেল মিয়া ভালো সাঁতার না জানায় ঢেউয়ের তোড়ে পানিতে ডুবে যায়। এ সময় আপেল মিয়ার সঙ্গীরা ঢেউয়ের সঙ্গে লড়াই করে তীরে উঠলেও আপেল আর উঠতে পারেনি।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (টিম লিডার) আতিকুর ইসলাম বলেন, "আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাই। কিন্তু গাইবান্ধা জেলায় কোনো ডুবুরি দল নাই। পরে রংপুর বিভাগ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ডেকে আনা হয়। ফায়ার সার্ভিসের দলটি স্থানীয়দের সহায়তায় নিখোঁজ ওই কিশোরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত