মনে পড়ে গানের জাদুকর

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ এএম

একুশে এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২২ সালের এই দিনে (৪ সেপ্টেম্বর) পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে যান বরেণ্য এই ব্যক্তিত্ব। ৬০ বছর ধরে বেতার, টেলিভিশন, সিনেমাসহ বিভিন্ন মাধ্যমে প্রায় ২০ হাজার গান রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। তার লেখা কালজয়ী গানও অসংখ্য। পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০ বাংলা গানের মধ্যে তিনটি গানের রচয়িতা গুণী এই গীতিকবি। গানগুলো হচ্ছে ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা বল’ ও ‘একবার যেতে দে না’।

গাজী মাজহারুল আনোয়ারের প্রয়াণ দিবসে প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দেশের বেশ কয়েকটি টিভি চ্যানেলে বিশেষ উদ্যোগ নিয়েছে। চ্যানেলে টোয়েন্টি ফোরে সকালের সংবাদ অনুষ্ঠানে এবং রাতের বিনোদন বুলেটিনে গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে কথা বলবেন তারই সহধর্মিণী জোহরা গাজী। এনটিভিতে রাত সাড়ে ১১টায় মাজহারুল আনোয়ার স্মরণে ও সাবিনা ইয়াসমিনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে গান গাইবেন অপু আমান ও রাকিবা ঐশী। চ্যানেল আইতে সকাল ৭টা ৪০ মিনিটে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে গাইবেন অনন্যা, স্মরণ ও টুশি। গাজী মাজহারুল আনোয়ার শ্রদ্ধাঞ্জলি জানাতে এনিগমা টিভিতে রাত ৮টায় ‘কিংবদন্তির কথা’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রখ্যাত সুরকার সংগীত পরিচালক শেখ সাদী খান, সংগীতশিল্পী রফিকুল আলম, অনুপমা মুক্তি ও সাব্বির জামান। এই আয়োজনে বাবাকে নিয়ে স্মৃতিচারণ করতে দেখা যাবে গাজী মাজহারুল আনোয়ারের সুযোগ্য উত্তরসূরি দিঠি আনোয়ারকে।

পাশাপাশি আজ রাত ১০টা ৫০ মিনিটে এটিএন বাংলার বিশেষ ‘মিউজিক লাউঞ্জ’-এ বাবাকে নিয়ে ভিডিও বার্তায় আসবেন দিঠি। অন্যদিকে আজ রাত ১০টার পর বিটিভিতে প্রচার হবে গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গান গেয়ে পরিচয়’। রুহানী লাবণ্যর উপস্থাপনায় এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন রাশেদ, সাব্বির জামান, স্মরণ, পুষ্পিতা ও নদী। এই আয়োজনে গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে কথা বলবেন প্রখ্যাত সংগীতশিল্পী খুরশীদ আলম (একটি গানও গেয়েছেন তিনি), জোহরা গাজী, গাজী মাজহারুল আনোয়ারের ছেলে উপল, মিউজিশিয়ান সাদেক আলী, গীতিকার মুনশি ওয়াদুদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত