অভিনয়ে নিয়মিত না হলেও বিভিন্ন রিয়েলিটি শোর বিচারক হয়ে মাঝেমধ্যেই দর্শকের সামনে আসেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী শিল্পা শেঠি। বলিউডের অন্যতম ‘ফিট’ অভিনেত্রী শিল্পা শেঠির সময়টা ভালো যাচ্ছে না। একের পর এক ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন তিনি। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না তার। সেই সঙ্গে এই অভিনেত্রীর স্বামী রাজ কুন্দ্রাও নানা কারণেই থাকছেন চর্চায়। দিনকয়েক আগেই প্রায় ৬০ কোটি টাকা জালিয়াতির ঘটনায় নাম জড়িয়েছিল তাদের। ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ঋণ নেওয়া-সহ নানা খাতে বিনিয়োগের অভিযোগে তাদের বিরুদ্ধে ৬০ কোটি টাকারও বেশি জালিয়াতির অভিযোগ উঠেছে। এই বিতর্কের মধ্যেই শিল্পা শেঠি দিলেন আরও একটি দুঃসংবাদ। তার মুম্বাইয়ের রেস্তোরাঁ ‘বাস্তিয়ান বান্দ্রা’ বন্ধ হয়ে যাচ্ছে।
যদিও রেস্তোরাঁটি বন্ধ করার কারণ উল্লেখ করেননি শিল্পা। অভিনেত্রী একটি আবেগঘন পোস্টে লিখেছেন, বৃহস্পতিবার (আজ) শেষদিন রেস্তোরাঁর। তার পরে বন্ধ হয়ে যাবে চিরদিনের মতো তার সাধের ‘বাস্তিয়ান বান্দ্রা’। একরাশ মন খারাপ নিয়েই শিল্পা তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এই বৃহস্পতিবার একটি যুগের সমাপ্তি হতে চলেছে। মুম্বাইয়ের অন্যতম দর্শনীয় স্থান ‘বাস্তিয়ান বান্দ্রা’কে বিদায় জানাচ্ছি। যে জায়গায় আমাদের অসংখ্য স্মৃতি, অনবদ্য কিছু রাত কেটেছে। এই জায়গাটা আমাদের এমন সুন্দর কিছু মুহূর্ত দিয়েছে, যা শহরের রাতের জীবনকে অন্য রূপ দিয়েছিল। সেই জার্নি এবার শেষ হতে চলেছে।’
শিল্পা আরও বলেন, ‘এই সুন্দর জায়গার প্রতি ভালোবাসা তুলে ধরতে আমরা আমাদের কাছের বন্ধুদের নিয়ে একটি বিশেষ সন্ধ্যার আয়োজন করছি। যেখানে ‘বাস্তিয়ান’-এর সমস্ত কিছু শেষবারের মতো উদযাপন করা হবে। নতুন অভিজ্ঞতার সঙ্গে আগামীকে বরণ করে নেওয়ার আনন্দই আলাদা। হাজারো মন খারাপের মধ্যে সুন্দর সময় কাটাব সবাই মিলে।’
প্রসঙ্গত, চলতি বছর গণেশ পূজাও হয়নি শিল্পার বাড়িতে। শ্বশুরবাড়ির এক নিকটতম আত্মীয়ের মৃত্যুতে নিয়ম অনুযায়ী এই বছরের পূজা করতে পারেননি তারা। তাই ভক্তদের জন্য একটি পোস্টে অভিনেত্রী উল্লেখ করেছিলেন আগামী বছরের অপেক্ষায় রয়েছেন তারা। সব ঠিক থাকলে আশা করা যায় আবারও গণপতি বাপ্পা তাদের বাড়িতে পা রাখবেন।
