গাইবান্ধায় ৩৭ কেজি ওজনের ‘কষ্টিপাথর’র মূর্তি উদ্ধার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৭ কেজি ওজনের মা ও শিশু প্রতিকৃতির একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মূর্তিটি গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গত বুধবার রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদাবাজার এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।

আটকরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের মিজানুর রহমান, একই এলাকার লিটন মিয়া ও নীলফামারীর সৈয়দপুর উপজেলার বড়াই গ্রামের শিবু সরকার।

র‌্যাব সূত্র জানায়, গত বুধবার রাত ১২টার দিকে ওই তিন যুবক কষ্টিপাথর সদৃশ্য একটি মূর্তি পাচারের জন্য অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩-এর নায়েক সুবেদার আবদুর রউফের নেতৃত্বে একটি দল উপজেলার বাগদাবাজার থেকে মূর্তিটি উদ্ধার করে। এ সময় ওই তিন যুবককে আটক করা হয়। মূর্তিটির ওজন প্রায় ৩৭ কেজি।

দিনাজপুরের কাহারোল প্রতœতাত্ত্বিক অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি প্রকৃত কষ্টিপাথর নয়। তবে এটি ঐতিহাসিক নিদর্শন ও মূল্যবান। এগুলো ধ্বংস করা যাবে না, সংরক্ষণ করতে হবে।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, প্রতারক চক্র কষ্টিপাথর বলে এগুলো দিয়ে প্রতারণা করে থাকে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত