সিলেটে নিজ বাসা থেকে একজন স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নগরীর লামাবাজার আবাসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম মিলি দে (২৫)। তিনি নগরীর কাজিটুলার কিডস ক্যাম্পাস স্কুলে শিক্ষকতা করতেন। মিলি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মৃত মলয়কান্তি দে’র মেয়ে। তিনি সিলেট নগরীর লামাবাজার আবাসিক এলাকার ৩১ নম্বর বাসার পঞ্চমতলার একটি ফ্ল্যাটে মায়ের সঙ্গে বসবাস করতেন।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে মিলিকে বাসায় রেখে তার মা সঞ্চিতা দে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাত ১০টার দিকে তিনি বাসায় ফেরে ডাকাডাকি করলেও মেয়ে দরজা না খোলায় তিনি প্রতিবেশীদের খবর দেন। এরপর দরজা ভেঙে ঘরে মিলির ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশের ধারণা, মিলি আত্মহত্যা করেছেন।
