ময়মনসিংহের ভালুকায় গত শনিবার পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিক্ষার্থীরা হলো উপজেলার মামারিশপুর গ্রামের মো. উজ্জ্বল শেখের ছেলে উপজেলার মধ্য হবিরবাড়ী মাদ্রাসাতুল রওজাতুন সুন্নাহ আল আরাবিয়া এতিমখানা ও মাদ্রাসার ছাত্র আবদুল মুমিন (১৮) এবং একই মাদ্রাসার শিক্ষার্থী মুক্তাগাছার বন বাংলা গ্রামের মো. আবদুল মোতালেবের ছেলে মো. মাহাদী হাসান (১৭) এবং ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুচারভিটা এলাকার অর্জুন সরকারের ছেলে ভালুকা পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র অপু সরকার (১৪)।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মধ্য হরিরবাড়ী মাদ্রাসাতুল রওজাতুন সুন্নাহ আল আরাবিয়া এতিমখানা মাদ্রাসার ওই দুই শিক্ষার্থী মাদ্রাসার পাশের ডোবায় সেচ দিয়ে মাছ ধরতে যায়। একপর্যায়ে পানি কম ওঠায় দুপুর ১২টার দিকে সেচ মোটর মেরামত করতে গিয়ে তারা বিদ্যুৎস্পৃৃষ্ট হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, ওইদিন রাত ১০টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুচারভিটা এলাকার বাড়িতে পাখায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অষ্টম শ্রেণির ছাত্র অপু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
