কক্সবাজারের টেকনাফে মলদ্বারে করে পাচারের সময় এক হাজার ৯৮২ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আয়েস (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে হোয়াইক্যং বিজিবির চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল রাজ্জাকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জসীম উদ্দীন।
তিনি জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশা হোয়াইক্যং বিওপি চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশির জন্য থামায়। এ সময় যাত্রীবেশে থাকা জাহাঙ্গীর আয়েসকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, তার মলদ্বারের মধ্যে ইয়াবা লুকানো রয়েছে। পরবর্তীতে স্থানীয় প্যাথলজিতে এক্স-রে করানো হলে ইয়াবার প্যাকেটের উপস্থিতি নিশ্চিত হয়। ডাক্তারের সহায়তায় একটি বায়ুরোধী কালো প্যাকেট উদ্ধার করা হয়, যাতে গণনা করে এক হাজার ৯৮২ পিস ইয়াবা পাওয়া যায়।
উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।
ডাকসু নির্বাচনে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেয়া হয়েছে: ডিসি আজাদ
জন্মদিনে ভক্তদের বিশেষ উপহার ইয়াসমিন মুশতারির