ফুলগাজী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা গণছুটিতে থাকার কারণে উপজেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বিক্ষুব্ধ জনতা ফেনী-পরশুরাম সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিয়েছে। এ সময় বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে গ্রাহকরা জোনাল অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা সড়কের ওপর গাড়ি রেখে এক ঘন্টা যান চলাচল বন্ধ রাখেন।
এক ঘন্টা পর ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান ঘটনাস্থলে গিয়ে সড়কের উপর রাখা গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গ্রাহক আব্দুর রহমান বলেন, “সকাল থেকে আমাদের এলাকায় বিদ্যুৎ নেই। গতকালও দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ ছিল না। তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আন্দোলনের নামে গ্রাহকদের ভোগান্তি বাড়িয়ে দিয়েছেন।”
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “পল্লী বিদ্যুতের ডিজিএম মাহবুবুর রহমানের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন, কর্মকর্তা-কর্মচারীরা মুঠোফোন বন্ধ করে গণছুটির কর্মসূচির অংশ হিসেবে আত্মগোপনে রয়েছেন। তারপরও তাদের সঙ্গে যোগাযোগ করে কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম বলেন, “সমস্যাটি সারাদেশের। সরকারের পক্ষ থেকে আন্দোলনকারী পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত হয়ে স্বাভাবিক কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মাহবুবুর রহমান জানান, “৪৯ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৪৩ জনই গণছুটিতে রয়েছেন। তাদের কর্মস্থলে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
আওয়ামী লীগের আমলে ধোবাউড়ায় উন্নয়ন হয়নি: প্রিন্স 