পটুয়াখালী বাউফলে মাহবুব আলম মিন্টু (৩৫) নামের এক স্কুল শিক্ষককে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মধ্য জৌতা গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবেশী জামাল মাদবর ও তার ছেলে এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন আহত মিন্টু। মাহবুব আলম মিন্টু উপজেলার চর ব্যারেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
প্রত্যক্ষদর্শী দুলাল হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে মিন্টুর ধানের জমিতে জামাল মাদবরের একঝাঁক হাঁস নেমে বীজ নস্ট করে। জমির মালিক এ সময়ে হাঁসগুলো তাড়িয়ে দেন। হাঁস তাড়ানোর বিষয়টি জামাল মাদবরের স্ত্রী ময়না বেগম তার স্বামী ও ছেলেকে জানান। এ ঘটনার পরে বেলা ১১টার দিকে মিন্টু তার বাড়ির সামনে এলে জামাল মাদবর ও তার ছেলে তাকে বগি দা দিয়ে কুপিয়ে জখম করে।
বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
