ফেনীর দাগনভূঞায় মোটরসাইকেল দুর্ঘটনায় একটি বেসরকারি সংস্থার (এনজিও) দিশা'র ব্যবস্থাপক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার তুলাতলীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুজ্জামান খান (৩২) নেত্রকোনার পূর্বধলা থানার কলাপাড়া এলাকার আব্দুর রফিক খানের ছেলে। তিনি বেসরকারি সংস্থা দিশার নোয়াখালীর বেগমগঞ্জ শাখার ব্যবস্থাপক ছিলেন।
হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে দাগনভূঞায় অফিসের কাজ সেরে নিজের মোটরসাইকেলে নোয়াখালী ফিরছিলেন শামসুজ্জামান খান। তার মোটরসাইকেলটি সকাল ৮টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের তুলাতলী পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি ভারী যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন উর রশিদ বলেন, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বেসরকারি সংস্থা দিশার ফেনী সদর শাখার ব্যবস্থাপক মুজিবুর রহমান বলেন, বেগমগঞ্জের শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান খান অফিসের মেসে থাকতেন। তিনি একটি চেকে স্বাক্ষর করার জন্য দাগনভূঞা এসেছিলেন। ফেরার পথে দুর্ঘটনায় পড়েন।
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল সমর্থিত প্যানেল
সাতক্ষীরার উন্নয়নের নামে বিভ্রান্তিকর সংবাদে ফোরামের তীব্র নিন্দা