থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে এক বছর কারাভোগের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল মঙ্গলবার আদালত এই নির্দেশ দেয়। ৭৬ বছর বয়সী থাকসিনকে ২০২৩ সালে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ১৫ বছর নির্বাসনে থাকার পর হঠাৎ দেশে ফেরার পর ওই কারাদণ্ড দেওয়া হয় তাকে। পরে থাইল্যান্ডের রাজা তার সাজা কমিয়ে এক বছর করেন। তবে এক দিনও কারাগারে থাকতে হয়নি থাকসিন সিনাওয়াত্রাকে। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পুরো সময়টিই হাসপাতালে কাটিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, হাসপাতাল বা চিকিৎসাধীন থাকা সময়কে কারাভোগ হিসেবে গণ্য করা হবে না। থাকসিন সিনাওয়াত্রাকে এক বছর কারাগারেই থাকতে হবে। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, হাসপাতালে
থাকসিনের অবস্থান ছিল বেআইনি। পাঁচ সদস্যবিশিষ্ট বেঞ্চের মধ্যে দুই বিচারক রায় পড়ে শোনান। এদিকে রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে থাকসিন বলেছেন, তিনি আদালতের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এক বছরের সাজা ভোগের বিষয়ে তিনি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত।
