কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ২

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত একই গ্রুপের সারভান সরদারের (৩৫) মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং বায়জীদ সরদারের (৪৫) মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বায়জীদ সরদার ও সোহেল ম-ল গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে গত মঙ্গলবার গভীর রাতে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে সরদার গ্রুপের সারভান সরদার ঘটনাস্থলে নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় বায়জীদ সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ৫ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ গতকাল বুধবার সকালে ঘটনাস্থল থেকে নিহত সারভান সরদারের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, স্থানীয় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১ জন ঘটনাস্থলে এবং অপর ১ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হওয়ার খবর শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত