সব প্যানেলে কারচুপির দাবি রিপনের

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৬ এএম

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘ডাকসু নির্বাচনে আগে যারা হারত শুধু তারাই অভিযোগ করত। এবার যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এ টু জেড সব প্যানেল ভোট কারচুপির অভিযোগ করেছেন। এমনকি যারা জয়ী হয়েছেন,  সেই ছাত্রশিবিরও কারচুপির এমন অভিযোগ করেছে।’ গতকাল বুধবার দুপরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দীঘিরপাড় বাজার এলাকায় নদীভাঙন রোধে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।

এ সময় ডাকসু নির্বাচনে ফলে জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. আসাদুজ্জামান রিপন বলেন, ডাকসু, জাকসু, চাকসু, রাকসুর নির্বাচনের ফল কোনোভাবেই জাতীয় নির্বাচনের ওপর পড়বে না। জাতীয় নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গেছে। এ নির্বাচনে কোনোরকম অনিয়মের সুযোগ দেওয়া হবে না।

ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘সম্প্রতি বর্তমান সরকার জাপানে এক লাখ দক্ষ জনবল পাঠানোর পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার জাপান সফরের সময় দেশটির সরকারের সঙ্গে চূড়ান্ত সমঝোতাও হয়েছে। আমাদের মুন্সীগঞ্জের বহু মানুষ বিদেশে রয়েছেন। বিদেশ থেকে যে পরিমাণ রেমিট্যান্স আয় হয় তার বড় একটি অংশ আমাদের মুন্সীগঞ্জের। প্রধান উপদেষ্টাকে বলেছি একলাখ মানুষকে ৬৪ জেলায় ভাগ করা হলে যে পরিমাণ আমাদের ভাগে পড়ে সে পরিমাণ জনবল জাপানে পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে হবে।’

বিএনপি নেতাদের অবৈধভাবে বালু উত্তোলন ও নদীভাঙন প্রতিরোধ ব্যবস্থার বিষয়ে বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, আমরা নদীভাঙন নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। জেলার টঙ্গীবাড়ি এবং লৌহজং উপজেলা সবচেয়ে বেশি নদীভাঙনপ্রবণ। নদীভাঙনের ফলে ইতিমধ্যে লৌহজংয়ের তিনটি ইউনিয়ন সম্পূর্ণ নদীতে বিলীন হয়ে গেছে। টঙ্গীবাড়ি উপজেলার অনেক এলাকার নদীতে বিলীন হয়েছে। এ নদীভাঙন হচ্ছে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু লুট এবং প্রাকৃতিক কারণে। যারা দলের ট্যাগ লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে, তারা যত বড় মাপের নেতা হোক না কেন তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক শাহ আলম হোসেন, দীঘিরপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অলি উল্লাহ খান, বর্তমান সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত