অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা নুরের

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৬ এএম

ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী ও বিজয়ী সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ অভিনন্দন বার্তা দেন।

নুর লেখেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী ঐতিহাসিক ডাকসু ও হল সংসদের নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে, যারা অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে একটি অত্যন্ত প্রাণবন্ত, অংশগ্রহণমূলক সফল নির্বাচন সম্পন্ন করেছেন।

নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতারা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ক্যাম্পাসের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে নিয়ে ছাত্ররাজনীতিতে একটি নবদিগন্তের সূচনা করবেন উল্লেখ করে তিনি বলেন, যেখানে ছাত্ররাজনীতি হবে জাতীয় রাজনীতির কালো থাবামুক্ত এবং শিক্ষার্থী তথা জাতির কল্যাণে। ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের লেখাপড়া-গবেষণা, গান-কবিতা, আড্ডা-বন্ধুত্ব, সাহিত্য-সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি।

তিনি বলেন, পরিশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নবনির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানাব, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে অন্যান্য অ্যাকাডেমিক কার্যক্রমের মতোই একটি ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করার উদ্যোগ গ্রহণ করুন, যেন প্রতি বছর যথাসময়ে নির্বাচন হয়।

সর্বশেষ ২০১৯ সালের মার্চে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি হন নুরুল হক নুর। দীর্ঘ ২৮ বছর পর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত