নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন নাম নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি। সম্প্রতি নোভার্টিস এজি সুইজারল্যান্ডের কাছ থেকে নোভার্টিস বাংলাদেশের অধিকাংশ শেয়ার অধিগ্রহণ সম্পন্ন করে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যার ফলে এই পরিবর্তন। সিংহভাগ মালিকানা পরিবর্তন হলেও কোম্পানিটিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) শেয়ারের পরিমাণ অপরিবর্তিত রয়েছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুইজারল্যান্ডভিত্তিক ওষুধ প্রস্তুতকারী নোভার্টিস ও এর পূর্বসূরি কোম্পানিগুলো প্রায় ২৫০ বছরেরও বেশি সময় ধরে গবেষণানির্ভর উদ্ভাবনী ওষুধ বিশ্বব্যাপী বাজারজাত করে চলেছে। প্রতিষ্ঠানটি এ দেশে ১৯৭৩ সালে সিবা-গেইগি (বাংলাদেশ) লিমিটেড নামে যাত্রা শুরু করে, যা বিশ্বব্যাপী সিবা-গেইগি ও স্যান্ডোজ এজির একীভূতকরণের পর ১৯৯৬ সালে পরিবর্তিত নামে নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড হিসেবে আত্মপ্রকাশ করে।
লাইসেন্সি হিসেবে নেভিয়ান একই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে, একই উপাদানে এবং একই প্রক্রিয়ায় নোভার্টিসের ব্র্যান্ডগুলো উৎপাদন করবে। ফলে ওষুধের গুণগত মান নিশ্চিতভাবে অপরিবর্তিত থাকবে। উল্লেখ্য, নেভিয়ান লাইফসায়েন্স কর্তৃক নোভার্টিসের সর্বাধুনিক ও যুগান্তকারী ওষুধগুলোর আমদানি ও সরবরাহ অব্যাহত থাকবে।
এ প্রসঙ্গে নেভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক মুসাওয়াত শামস জাহেদী বলেন, ‘নোভার্টিসের সুদীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে নেভিয়ান বদ্ধপরিকর। মানসম্মত ও জীবন রক্ষাকারী ওষুধ বাংলাদেশ এবং বহির্বিশে^র রোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের অঙ্গীকার নতুন নামেও অপরিবর্তিত থাকবে।’
