ঈশ্বরগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার বাবার দাবি হত্যা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আরিফুর রহমান আবির (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বড়হিত ইউনিয়নের নওপাড়া গ্রামে শিশুর নানার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর বাড়ি ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামে। সে একই গ্রামের লিটন মিয়ার ছেলে।

নিহত শিশুর বাবা লিটন মিয়া বলেন, ‘কয়েকমাস ধরে আমার স্ত্রী পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে আমার সঙ্গে অনেক বাগবিত-া হয়েছে। সামাজিকভাবে একাধিকবার সালিশ করা হয়েছে। সে প্রায় সময়েই আমাকে বলত, তোর ছেলেকে মেরে ফেলব। আজ তাই করেছে। আমার সন্দেহ ছেলেকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে সে হত্যা করেছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমার ছেলে হত্যাকারীকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

শিশুর মা মিতু আক্তার (৩০) বলেন, ‘ছেলে আমার সঙ্গে ঘরেই ছিল। বেলা ১২টার দিকে আমি ওয়াশরুমে ঢুকতেই আবির তার খেলনা গাড়ি নিয়ে খেলতে বের হয়। পরে আমি ওয়াশরুম থেকে বের হয়ে আবিরকে খুঁজতে খুঁজতে বাড়ির পাশের পুকুরঘাটে গিয়ে দেখি খেলনাগাড়ি পড়ে আছে, কিন্তু ছেলে নেই। এতে সন্দেহ হলে পুকুরের পানিতে নেমে ডুবন্ত আবিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, এ ব্যাপারে অন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত