রূপায়ণ সিটি উত্তরায় শুরু হয়েছে ‘স্ট্রিট ফুড ফেস্টিভাল’। গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে ফুচকা, ঝালমুড়ি, পিঠা, জিলাপি, আইসক্রিম, ফলের সালাদ, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, মিনি বার্গার, কেক, পেস্ট্রি এমন নানা মুখরোচক খাবারের স্বাদ ভাগ করে নেওয়ার আয়োজনটি। আজ শনিবারও রূপায়ণ সিটি উত্তরার ম্যাজেস্টিক পেরিফেরাল রোডে এ আয়োজন চলবে।
গতকাল ফেস্টিভালে ছোট-বড় সবাই অংশগ্রহণ করেছেন। কেউ চেখেছেন লেবু, পুদিনা, আদা, মালটা, তেঁতুল, কফি ও মসলা চায়ের ভিন্ন ভিন্ন স্বাদ; কেউ ছবি তুলে ধরে রেখেছেন আনন্দময় মুহূর্তগুলো।
এক স্টলের উদ্যোক্তা বলেন, ‘আসলে গতবারের আয়োজনে অংশগ্রহণ করে এখানকার সবুজ খোলামেলা পরিবেশ, পরিচ্ছন্নতা সর্বোপরি একটা সুন্দর ও সমমনা মানুষের কমিউনিটি দেখে ভালো লেগে যায়, তাই এবার জানামাত্র আবার চলে এসেছি।’
রূপায়ণ সিটি উত্তরার বাসিন্দা জানান, এরকম কমিউনিটি বন্ডিং ইভেন্ট এখানে প্রায় আয়োজিত হচ্ছে, যা সুস্থ বিনোদনের মাধ্যম ও মনোজাগতিক বিকাশের এক অপুরূপ সুযোগ। এখানকার সুরক্ষা ব্যবস্থা, সবুজায়ন, সার্বিকভাবে সিটি পরিষ্কার রাখা ও দৈনন্দিন জীবনের সার্বিক প্রয়োজনীয়তা মেটানো হচ্ছে দারুণভাবে।
