বসুন্ধরা টিস্যু পেপার মিলে অগ্নিকান্ড

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ এএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্র্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরায় অবস্থিত বসুন্ধরা টিস্যু পেপার মিলসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ২ ঘণ্টা চেষ্টার পর রাত সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর মধ্যেই কোম্পানিটির অনেক মালামাল পুড়ে যায়।

স্থানীয় আনারপুরা বাসস্ট্যান্ডের দোকানদার মনির হোসেন জানান, রাত ১২টার পর দেখি বসুন্ধরা টিস্যুর নদীর পাড় সংলগ্ন গোডাউন দাউ দাউ করে জ্বলছে। এ নিয়ে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বসুন্ধরা টিস্যু পেপার মিলস (ইউনিট-৩)-এর ফ্যাক্টরি হেড আবুল হোসেন জানান, গোডাউনে বিভিন্ন ধরনের নন ওভেন, এসএপি কেমিক্যাল এবং পাল্ব পুড়েছে। এতে প্রায় ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ মিয়া বলেন, গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ও বিসিক ফায়ার স্টেশনের দুটি মোট চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক কোটি টাকা হবে। এ সময় কোটি টাকা মূল্যের মালামাল উদ্ধারও করা হয়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে পৌঁছাই, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত