প্রেসক্রিপশনের ছবি তুলতে পারবেন না রিপ্রেজেন্টেটিভরা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ এএম

সপ্তাহে মাত্র দুই দিন সরকারি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা (রিপ্রেজেন্টেটিভ)। তাদের অবাধ বিচরণের ওপর নিয়ন্ত্রণ আনতে বিধি জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক পরিপত্রে এ নতুন নির্দেশনা জারি করা হয়। পরিপত্রে আরও বলা হয়েছে, প্রতিনিধিরা কোনোভাবেই রোগীর কোনো তথ্য সংগ্রহ বা প্রেসক্রিপশনের ছবি তুলতে পারবেন না।

দেশের সব সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালকদের কাছে পাঠানো এই নির্দেশনায় মোট ৮টি বিষয় উল্লেখ করা হলেও সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের ওপর।

পরিপত্রের ৬ নম্বর নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে সপ্তাহে শুধু দুই দিনসোমবার ও বৃহস্পতিবার ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। সাক্ষাতের জন্য দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

এই নির্দিষ্ট সময়ের বাইরে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি সরকারি হাসপাতালের সীমানার মধ্যে অবস্থান করতে পারবেন না বলেও নির্দেশনায় উল্লেখ করে দেওয়া হয়েছে। আর, সাক্ষাতের সময় সব প্রতিনিধিকে অবশ্যই নিজ নিজ কোম্পানির দেওয়া পরিচয়পত্র দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে। সেই সঙ্গে, কোনোভাবেই রোগীর কোনো তথ্য সংগ্রহ বা প্রেসক্রিপশনের ছবি তুলতে পারবেন না।

অন্যান্য নির্দেশনার মধ্যে আছে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের প্যাডে ব্যবস্থাপত্র না লেখা এবং হাসপাতালে সরবরাহ থাকা ওষুধ বা পরীক্ষা বাইরে থেকে করাতে না বলা।

এসব ছাড়াও, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোনো বেসরকারি সিল ব্যবহার করা যাবে না। তবে বিজ্ঞাপনবিহীন জেনেরিক নামের সিল ব্যবহার করা যাবে। বেসরকারি ওষুধ কোম্পানির সরবরাহ করা ওষুধের তালিকা টেবিলে রাখা যাবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত