হিলিতে পেঁয়াজের দাম কমল কেজিতে ৫ টাকা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ এএম

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে দেশীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা। চার দিন আগে প্রতি কেজি দেশীয় পেঁয়াজ ৭০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা হায়দার আলী বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরুর কারণে আমদানিকৃত ও দেশীয় পেঁয়াজের দাম কিছুটা কমতির দিকে ছিল। এরপর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। সেই অজুহাতে দেশীয় পেঁয়াজের দাম আবারও ঊর্ধ্বমুখী হতে শুরু করে। বাজারে দেশীয় পেঁয়াজের সররবাহ থাকলেও দাম ঊর্ধ্বমুখী হয়ে যাওয়ায় আমাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আশরাফুল ইসলাম বলেন, মোকামে দেশীয় পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় খানিকটা বেড়েছে। মোকামে আগে যেখানে দুই থেকে পাঁচ ট্রাক পেঁয়াজ আমদানি হতো এখন সেখানে ১০ থেকে ১৫ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। এর ফলে মোকামে যে পেঁয়াজের দাম ২ হাজার ৬০০ থেকে ৭০০ টাকা মণ ছিল, সেটি এখন কমে ২ হাজার ৩০০ থেকে ৪০০ টাকা মণ নেমেছে। কয়েক দিনের ব্যবধানে মণপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা করে পেঁয়াজের দাম কমেছে। এর ফলে আমরা কম দামে পেঁয়াজ কিনতে পারায় বাজারেও কম দামে পেঁয়াজ বিক্রি করতে পারছি।

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি দিলে সাড়ে পাঁচ মাস বন্ধের পর গত ১৭ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। এর তিন দিনের মাথায় ১৯ আগস্ট থেকে আবারও আমদানির অনুমতি বন্ধ করে দেয় সরকার। এরপর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। যদিও পুরনো আইপির বিপরীতে কিছুদিন সীমিত পরিসরে পেঁয়াজ আমদানি হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত