ঈশ্বরদীতে সংঘর্র্ষে আহত ৫ গুলি, ককটেল বিস্ফোরণ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ এএম

পাবনার ঈশ্বরদী উপজেলায় বিবাদমান দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত ৯টার দিকে সাহাপুর ইউনিয়নের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত এক ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেল ঘটনাস্থল থেকে জব্দ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, গত ঈদে মিলাদুন্নবীর (সা.) রাতে সাহাপুর মসজিদ মোড় জামে মসজিদে স্থানীয় তরিকুল ইসলামের ছেলে জিতের সঙ্গে একই এলাকার প্রিন্স মাহমুদের ছেলে রাহুলের কথা-কাটাকাটি ও মারামারি হয়। তারা দুজনেই স্কুলের ছাত্র।

এ ঘটনায় জিতের বাবা তরিকুল স্থানীয় যুবদল নেতা বাপ্পি কাজীর কাছে রাহুলের বিরুদ্ধে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে বাপ্পি কাজী রাহুলকে তার অফিসে ধরে নিয়ে চড়-থাপ্পড় মেরে তাড়িয়ে দেন।

রাহুলের বাবা প্রিন্স মাহমুদ সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাসেল পারভেজকে ঘটনা জানান। শনিবার সন্ধ্যায় রাসেল পারভেজ আহত স্কুলছাত্র রাহুল ও তার বাবাকে নিয়ে বাপ্পি কাজীর ব্যক্তিগত অফিসে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দফায় দফায় তাদের মধ্যে সংঘর্ষ চলে। সংঘর্ষে পাঁচজন আহত হন। তারা হলেন বাপ্পি কাজী (৩৮), জিৎ (১৫), শুভ্র (২৬), সম্রাট (২৭) ও মারুফ (২৮)। এ ঘটনায় আহত বাপ্পি কাজী বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ঈশ্বরদী থানায় একটি মামলা করেছেন।

এদিকে দুই পক্ষের সংঘর্ষ চলার সময় পাকশীর রূপপুর থেকে একটি সন্ত্রাসী গ্রুপ অতর্কিতে ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।

যুবদল নেতা বাপ্পি কাজী বলেন, ‘ঈদে মিলাদুন্নবীর দিন দুই ছোট ছেলের মধ্যে মারামারির ঘটনায় মীমাংসা করা নিয়ে ঝামেলা তৈরি হয়।

পরে রাসেলের লোকজন এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ আমার পাঁচ কর্মী গুরুতর আহত হই।’

স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল পারভেজ বলেন, ‘রাহুল নামের আমার এক ছেলেকে তার বাবার সামনে বাপ্পির অফিসে বাপ্পি নিজেই চড়-থাপ্পড় মারে। এই খবরে আমি সেখানে গেলে আমাদের ওপর হামলা করা হয়। পরে তারা ককটেল ও গুলিবর্ষণ করে।’ তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার দাবি করেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন, ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় আহত বাপ্পি কাজী বাদী হয়ে একটি মামলা করেছেন। অন্যদের মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত