আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় বিচার শুরু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ এএম

গত বছরের জুলাই-আগস্টে গণআন্দোলনের সময় রাজধানীর অদূরে আশুলিয়ায় গুলি করে হত্যার পর ছয় লাশ পোড়ানো ঘটনার মামলায় বিচার শুরু হয়েছে। গতকাল রবিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশন পক্ষে সূচনা বক্তব্য (অপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ সোমবার এ মামলায় ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হবে। এর আগে গত ২১ আগস্ট এ মামলায় অভিযোগ গঠন করে ১৪ সেপ্টেম্বর প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আশুলিয়ায় জুলাই বিপ্লব চলাকালে সবচেয়ে মর্মান্তিক ও বর্বর যে ঘটনাটি ছিল, সেটির বিচারকাজ শুরুর প্রাক্কালে আইন অনুযায়ী প্রসিকিউটর যে সূচনা বক্তব্য দেন, তা উপস্থাপন করা হয়েছে। ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে তার আনুষ্ঠানিক পর্বটা শুরু হয়েছে। আগামীকাল (আজ) থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।’

আশুলিয়ার ঘটনার মামলায় ১৬ আসামির মধ্যে আটজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তারা হলেন পুলিশের সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান ও শেখ আবজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার। স্থানীয় আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ আট আসামি এখনো পলাতক। আসামি আবজালুল হক ইতিমধ্যে দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে এ মামলায় রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হওয়ার আরজি জানালে আদালত তা মঞ্জুর করে।

কুষ্টিয়ায় হত্যাকা-ে ইনু-হানিফের বিরুদ্ধে প্রতিবেদন : গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ পাঁচ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল হয়েছে। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিষয়টি অবহিত করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

ফরহাদ হোসেনের বিরুদ্ধে প্রতিবেদন ১৬ নভেম্বর : মেহেরপুরে জামায়াত নেতা তারেক মো. সাইফুল ইসলাম হত্যা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে দুই মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গতকাল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। গত ২১ আগস্ট এ মামলায় ফরহাদ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়। মেহেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি তারেক মো. সাইফুল ইসলাম ২০১৪ সালের ১৯ জানুয়ারি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত