বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের পোল ভল্ট প্রতিযোগিতা চলছিল দুই ঘণ্টা কুড়ি মিনিট ধরে। ঠিক তখনই মাঠে নামলেন ‘মন্ডো’ দুপ্লান্টিস তাঁর বিশেষ জুতা—‘দ্য ক্ল’ পরে।
এই জুতা কেবল তখনই ব্যবহার করেন সুইডিশ তারকা, যখন মনে হয় ইতিহাস গড়ার সুযোগ সামনে। কারণ এর বিশেষ নকশা তাঁকে মাত্র ২০ স্ট্রাইডে বেশি গতি এনে দেয়, পোল দ্রুত বসাতে সাহায্য করে আর ওপরে তুলেও নেয়।
প্রথম দুটি চেষ্টায় অল্পের জন্য ব্যর্থ হন তিনি। শেষ প্রচেষ্টার আগে রূপাজয়ী গ্রিসের এম্মানুয়েল কারালিস এসে একেবারে মুখের সামনে বাতাস ছুড়ে দেন ফ্যান দিয়ে। এবার দুপ্লান্টিস হাতে নিলেন আরও শক্ত পোল। গর্জন তুলল দর্শক, দুপ্লান্টিস আকাশ ছুঁয়ে গেলেন। ইতিহাসের পাতায় যুক্ত হলো আরেক বিশ্ব রেকর্ড।
গ্যালারি মাতিয়ে তিনি দৌড়ে গেলেন প্রেয়সী দেসিরে ইংল্যান্ডারের কাছে, দিলেন চুম্বন। তারপর ৬০ হাজার দর্শককে ধন্যবাদ জানালেন ভালোবাসা দিয়ে।
“আমি ভীষণ খুশি,” উচ্ছ্বসিত দুপ্লান্টিস। “টোকিওতে ফিরতে চেয়েছিলাম, কারণ জানতাম শহরটা দারুণ। কিন্তু যা হলো, কল্পনার চেয়েও সুন্দর। তোমাদের ধন্যবাদ, স্বপ্নটা সত্যি হলো।”
গত মাসে বুদাপেস্টে গড়া ৬.২৯ মিটারের বিশ্ব রেকর্ড এবার ভাঙলেন ৬.৩০ মিটার পেরিয়ে। প্রথম দুই প্রচেষ্টা ব্যর্থ হলেও তৃতীয় চেষ্টায় সফল হন মাত্র ২৫ বছর বয়সী দুপ্লান্টিস। এই লাফেই আধুনিক যুগের সর্বকালের সেরাদের কাতারে জায়গা আরও দৃঢ় করলেন তিনি, টানা আটটি ইনডোর ও আউটডোর প্রতিযোগিতায় স্বর্ণ জয়ের রেকর্ড ধরে রাখলেন।
×
