নেপালের অন্তর্বর্তী সরকার

শপথের এক দিন পরই সুশীলার পদত্যাগ দাবি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ এএম

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার একদিন পার না হতেই সুশীলা কার্কির পদত্যাগের দাবি উঠল। গত রবিবার রাতে কাঠমান্ডুতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এই বিক্ষোভ হয়। আর নতুন করে এ বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন সুদান গুরুং। নেপালের ডিজিটাল নিউজপেপার সেতুপতির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এদিকে, নেপালে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তিন নবনিযুক্ত মন্ত্রী। গত সোমবার রাষ্ট্রপতি ভবন শীতলনিবাসে শপথগ্রহণ করেন তারা। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল তাদের শপথবাক্য পাঠ করান। পাশাপাশি নেপালে প্রথমবারের মতো অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন একজন নারী। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে সিনিয়র অ্যাডভোকেট সাবিতা ভাণ্ডারিকে এই দায়িত্ব দেন।

সেতুপতি বলছে, গত রবিবার রাতে মন্ত্রিসভা সম্প্রসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ ও সেøাগান দেয় সুদান গুরুংয়ের নেতৃত্বাধীন একটি দল। বিক্ষোভকারীরা নিজেদের ‘জেন জি’ আন্দোলনের নেতা হিসেবে দাবি করে বলেন, তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়েছে। বিক্ষোভের সময় গুরুং ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি আমরা আবার রাস্তায় নামি, তবে কেউ আমাদের থামাতে পারবে না। আমরা তাদের টেনে বের করে আনব। তিনি আরও অভিযোগ করেন, আইনজীবী ওম প্রকাশ আরিয়াল ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন! গুরুংয়ের সঙ্গে গত সপ্তাহের বিক্ষোভে আহত বা নিহতদের স্বজনরাও যোগ দেন।

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কার্কি আইনজীবী আরিয়ালকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে তিনি রামেশ্বর খানালকে অর্থমন্ত্রী এবং কুলমান ঘিসিংকে জ্বালানিমন্ত্রী হিসেবে বেছে নেন। লোকমান সিং কার্কিকে দুর্নীতি দমন কমিশনের প্রধান হিসেবে নিয়োগের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দাখিল করার পর আরিয়ালের জনপ্রিয়তা বাড়ে। তিনি বিভিন্ন জনস্বার্থমূলক বিষয়ে আইনি লড়াই করে আসছেন এবং কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির আইনি উপদেষ্টা হিসেবেও কাজ করছেন। কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সময় প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেলের সঙ্গে আলোচনায়ও তিনি ছিলেন এবং তার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়া খানাল সাবেক অর্থ সচিব। উচ্চ-পর্যায়ের অর্থনৈতিক সংস্কার সুপারিশ কমিশনের চেয়ারম্যান হিসেবে তিনি সম্প্রতি কে পি অলি সরকারের কাছে ৪৪৭ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে অর্থনীতির দুর্বলতা, সমস্যা সৃষ্টির কারণ, অবিলম্বে করণীয় এবং দীর্ঘমেয়াদি পদক্ষেপ সম্পর্কে সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়। জ্বালানি মন্ত্রণালয়ের নেতৃত্ব দেওয়া ঘিসিং নেপাল বিদ্যুৎ কর্র্তৃপক্ষের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। নেপালে লোডশেডিং দূর করায় তার ব্যবস্থাপনা দক্ষতার জন্য তিনি জনসাধারণের কাছে জনপ্রিয়। কয়েক মাস আগে অলি সরকার তাকে পদ থেকে সরিয়ে দিয়েছিল।

সোমবার প্রেসিডেন্ট ভবন শীতলনিবাসে শপথগ্রহণ করেন তারা। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান শীতলনিবাসের ধ্বংসস্তূপের সামনে একটি আনুষ্ঠানিক ছাউনি বসিয়ে সম্পন্ন হয়। নেপালের সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, এই সম্প্রসারণের ফলে সংসদীয় নির্বাচন ছয় মাসের মধ্যে আয়োজনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিসভায় এখন চার জন সদস্য রয়েছেন।

প্রধানমন্ত্রী সুশীলা কার্কি গত রবিবার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি জানিয়েছেন, এই অন্তর্বর্তী সময়ে মন্ত্রিসভাকে সর্বোচ্চ ১৫ জন সদস্যের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। ধাপে ধাপে এসব নিয়োগ হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে ভাইস- প্রেসিডেন্ট রামসহায় প্রসাদ যাদব, প্রধান বিচারপতি প্রকাশমান সিং রাউত, জাতীয় পরিষদ চেয়ারম্যান নারায়ণ প্রসাদ দাহাল, সাবেক প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টারাই এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন। জেন জেড আন্দোলনের সময় অগ্নিসংযোগে শীতলনিবাস ব্যাপক ক্ষতির শিকার হয়। এর ফলে প্রধানমন্ত্রী কার্কির শপথ অনুষ্ঠান প্রেসিডেন্টের আবাসনের ভেতরে অনুষ্ঠিত হয়। নেপালের অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ছয় মাসের বেশি সময় এই পদে থাকবেন না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী বছরের ৫ মার্চ দেশটির জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আসা সরকারের হাতে তিনি ক্ষমতা তুলে দেবেন। কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত