প্রবাসীর ঘরে স্ত্রী-ছেলের লাশ, এক শিশু নিখোঁজ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৪ এএম

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন এক প্রবাসীর স্ত্রী ও ছেলে। গতকাল মঙ্গলবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, গত সোমবার রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে তাদের ধারণা। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, নিহতরা হলেন কুয়েতপ্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে ইমরান হোসেন (১৮)। দুর্বৃত্তরা তাদের হত্যার পর একটি মোটরসাইকেল, নগদ অর্থ এবং প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ছাড়া ওই বাড়িতে হাসান (১০) নামের তাদের এক স্বজনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে রানী বেগম ও ইমরান হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। গতকাল সকালে স্বজনরা জানালা দিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্বজনরা জানিয়েছেন, ইদ্রিস আলী প্রবাসে থাকায় রানী বেগম ও ইমরান হোসেন ওই বাড়িতে বসবাস করতেন। তাদের বড় মেয়ে বগুড়ার একটি ছাত্রীনিবাসে থেকে পড়াশোনা করেন। গতকাল সকালে রানী বেগমের কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনরা জানালা দিয়ে ইমরানের লাশ ঘরে এবং বারান্দায় রানীর রক্তাক্ত লাশ দেখতে পান।

তারা জানান, নিহতদের সঙ্গে কারও পারিবারিক কলহ ছিল না। হত্যার পর দুর্বৃত্তরা বাড়ি থেকে একটি মোটরসাইকেল, নগদ অর্থ এবং প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ছাড়া ওই বাড়িতে থাকা ১০ বছর বয়সী হাসানকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান দুপুর সাড়ে ১২টার দিকে জানান, হত্যাকাণ্ডের সব দিক বিবেচনা করে তদন্ত চলছে। নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত