ডেঙ্গু রোগীর জন্য বিশেষ ওয়ার্ড চালুর নির্দেশ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ এএম

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের সব সরকারি হাসপাতালে বিশেষ ওয়ার্ড ও নির্দিষ্ট চিকিৎসক টিম গঠনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল মঙ্গলবার জারি করা এক জরুরি প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় দ্রুত সেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে আলাদা ওয়ার্ড ও চিকিৎসক দল গঠন করা আবশ্যক। এনএস-১ টেস্ট, পর্যাপ্ত ওষুধ সরবরাহ ও জরুরি সেবা নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, মেডিসিন, শিশু চিকিৎসকসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বোর্ড গঠন করতে হবে। সেই বোর্ডের তত্ত্বাবধানে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ও প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকরা শুধু ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীদের চিকিৎসা দেবেন। সন্দেহভাজন রোগীদেরও বহির্বিভাগে নির্দিষ্ট কক্ষে পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

হাসপাতাল এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধনের জন্য সংশ্লিষ্ট সিটি করপোরেশন বা পৌরসভাকে চিঠি দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতি শনিবার সকাল ১০টায় হাসপাতাল পরিচালক ও সিভিল সার্জনের নেতৃত্বে সমন্বয় সভা আয়োজনের কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ রোগী সেবাকে আরও সংগঠিত এবং চিকিৎসার মান উন্নত করবে। একই সঙ্গে ডেঙ্গুজনিত জটিলতা ও মৃত্যুঝুঁকি কমাতে সহায়ক হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত