পাকিস্তান-আরব আমিরাত এশিয়া কাপের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সাড়ে ছয়টায়, বাংলাদেশ সময় সাড়ে ৮টায়। কিন্তু উদ্ভুত পরিস্থিতিতে ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র আমির মীর।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী টস হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এবং খেলা শুরু হবে রাত সাড়ে ৯টায়।
আরব আমিরাত দল নির্দিষ্ট সময়ে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পৌছালেও পাকিস্তান দল নির্দিষ্ট সময়ে টিম হোটেল ছাড়েনি বলে জানিয়েছিল ইএসপিএন ক্রিকইনফো। তবে সর্বশেষ খবরে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, স্থানীয় সময় সাড়ে ৫টার দিকে হোটেল থেকে সালমান আগাদের বহনকারী টিম বাস দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দিকে রওনা দেয়।
এসময়ই পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি টুইটে জানান, পাকিস্তান দলকে মাঠে যেতে বলা হয়েছে।
এর আগে লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক দুই চেয়ারম্যান রমিজা রাজা ও নাজাম শেঠির সঙ্গে বৈঠক করেন বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভী।
যেখান থেকে শুরু
দুবাইয়ে আজকের পাকিস্তান–আমিরাত ম্যাচ অনিশ্চয়তায় পড়ে যাওয়ার মূলে ১৪ সেপ্টেম্বরের ভারত–পাকিস্তান ম্যাচ। সে দিন টসের সময় এবং ম্যাচের শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের খেলোয়াড়েরা।
পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতের জেরে এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছিল ভারতের পক্ষ থেকে।
আর ভারতের এই হাত না মেলানোর ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নিয়ম লঙ্ঘন করেছেন অভিযোগ এনে তাঁকে অপসারণের দাবি জানিয়েছে পিসিবি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তা আমলে না নেওয়ায় পাকিস্তান দলের এশিয়া কাপ থেকে সরে যাওয়ার গুঞ্জন ওঠে। মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড আরেকটি মেইল পাঠিয়েছে অ্যান্ডি পাইক্রফট ইস্যুতে। আইসিসি এটিও প্রত্যাখ্যান করেছে বলে খবর।
