দুই ইউপি সদস্য সাইফুল ইসলাম ও মেহেদুল ইসলামের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের বিষয়ে কারণ দর্শানো নোটিস দিয়েছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউপির চেয়ারম্যান মতিয়ার রহমান প্রামাণিক। গত ৪ মাসে পরপর তিনটি কারণ দর্শানোর নোটিসের একটিরও জবাব দেননি চাল আত্মসাতে অভিযুক্ত ওই দুই ইউপি সদস্য।
কারণ দর্শানো নোটিস ও অভিযোগপত্র থেকে জানা গেছে, মোস্তফাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম এবং ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদুল ইসলাম উপকারভোগীদের চাল ওজনে কম দিয়েছেন। পরে জমা করা চালের তিন বস্তা সাইফুল ও দুই বস্তা মেহেদুল ইসলাম খোলাবাজারে বিক্রি করেন। চেয়ারম্যান মতিয়ার রহমান প্রামাণিকের কাছে অভিযোগ করেন। এরপর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম এবং মেহেদুল ইসলামকে পরপর ৩টি কারণ দর্শানোর নোটিস করেন। অভিযুক্ত দুই ইউপি সদস্য জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান প্রামাণিক বলেন, দুই ইউপি সদস্যের নোটিসের জবাব না দেওয়ার বিষয়টি পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনকে জানিয়েছি।
