সাজেকে সড়কে ঝরে গেলেন খুবি শিক্ষার্থী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৯ এএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক পর্যটক নিহত হয়েছেন। তার নাম মোছা. রুবিনা আফসানা রিংকি। গতকাল বুধবার দুপুরে সাজেকের শিজকছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১১ জন।

রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থী। তার মৃত্যুতে খুবি ক্যাম্পাসে পৌঁছানোর পর শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রিংকির বাড়ি গাইবান্ধায়।

স্থানীয়রা জানান, চারটি জিপ গাড়িতে করে মোট ৪৪ জন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা দুপুরে খাগড়াছড়ি থেকে সাজেক ভ্রমণে যাচ্ছিলেন। সাজেকের কাছাকাছি জায়গায় উঁচু পাহাড়ে ওঠার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে এক নারী পর্যটক নিহত হন। সেনাবাহিনী, পুলিশ আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোছাইন বলেছেন, আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি নিয়ে যাওয়া হয়েছে। তারা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জেনেছি।

খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বলেন, আহত ১১ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচজন শিক্ষার্থী গুরুতর আহত রয়েছে।

খুবি ক্যাম্পাসে শোকের ছায়া : রিংকির মৃত্যুর খবরে খুবি ক্যাম্পাসে পৌঁছানোর পর শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

ক্যাম্পাসের শিক্ষার্থীরা বলেন, সাজেকের দুর্ঘটনায় আমাদেরই একজন ছোট বোন নিহত হওয়ায় খবর পাওয়ার পর আমাদের মনটা খুবই বিষণœ হয়ে গেছে। এর আগে কটকা ট্র্যাজেডিতে ১১ জন মেধাবী শিক্ষার্থীর মৃত্যু ও ২০১১ সালের ২৭ ডিসেম্বর খুবি ক্যাম্পাসে সড়ক দুর্ঘটনায় ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ১১ ব্যাচের ছাত্র শেখ মুহম্মদ হাদীউল ইসলাম হাদীর নিহত হওয়ার দুঃখের স্মৃতি এখনো বহন করছেন খুবির শিক্ষক-শিক্ষার্থীরা। এখন আবার সড়ক দুর্ঘটনায় আরেক ছাত্রী রিংকির মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়ের সবাই শোকাচ্ছন্ন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম বলেন, শিক্ষাসফরে গিয়ে দুর্ঘটনায় একজন মেধাবী শিক্ষার্থীর মৃত্যু খুবই দুঃখজনক। এই খবর পাওয়ার পরই তিনজন শিক্ষক, ও দুজন স্টাফসহ পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ২১ ব্যাচের ৪০ জন শিক্ষার্থী রাঙ্গামাটির উদ্দেশে রওনা দিয়েছে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যাপারে রাঙ্গামাটি-খাগড়াছড়ির জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের মাধ্যমে খোঁজখবর নেওয়া হচ্ছে। নিহত শিক্ষার্থী রিংকির আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল করা হয়েছে। বৃহস্পতিবারও (আজ) বিশ্ববিদ্যালয়ে শোকসভা, দোয়া মাহফিল ও ধর্মীয় প্রার্থনা অনুষ্ঠিত হবে।

নিহত খুবি শিক্ষার্থী মোছা. রুবিনা আফসানা রিংকি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর গ্রামের শিক্ষক দম্পতি আব্দুর রহমান ও জান্নাতুল ফেরদৌসের মেয়ে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার স্টুডেন্ট আইডি নম্বর ২১১৭১৬।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত