শিক্ষা ব্যুরোর সাবেক ডিজির নামে দুর্নীতির মামলা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ এএম

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদের নামে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতিদমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের মুখপাত্র ও মহাপরিচালক মো. আক্তার হোসেন এ মামলা অনুমোদনের বিষয়টি জানান। 

দুদক মহাপরিচালক জানান, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের পিএস হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যহারের মাধ্যমে ১২ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ১২৮ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুর্নীতিদমন কমিশন আইন, ২০০০ এর ২৬ (২) এবং ২৭ (১) ধরা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় মামলাটি করা হবে।

দুদকের তথ্যমতে, ২০২২ সালে দাখিল করা সম্পদ বিবরণীতে মো. আবুল কালাম আজাদ ১৬ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৪৬৩ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপনপূর্বক দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন।

দুদকের অনুসন্ধানে আবুল কালাম আজাদ ১৮ কোটি ৪ লাখ ৫৮ হাজার ৯৬৩ টাকা টাকার সম্পদ পাওয়া যায়। এর মধ্যে গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ৬ কোটি  ১৯ লাখ ৩৬ হাজার ৩২ টাকা।

অবশিষ্ট ১২ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ১২৮ টাকা অর্জনের কোনো গ্রহণযোগ্য উৎস পাওয়া যায়নি। তিনি এ পরিমাণ সম্পদ অবৈধ উপায়ে অর্জন করে নিজ ভোগ দখলে রাখার অপরাধে মামলাটি করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত