পোস্টালবিডি অ্যাপে ভোট দিতে পারবেন প্রবাসী, কর্মকর্তা ও বন্দিরা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টালবিডি অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, আমরা নির্দিষ্ট সময়ে একটা ব্যালট পেপার, আরেকটা খামের ভেতরে ভরে, একটা বড় খামের মধ্যে তিনটা খাম দিয়ে প্রবাসীদের ঠিকানায় পোস্ট করা হবে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে।

আখতার আহমেদ বলেন, ব্যালট পেপারে ক্যান্ডিডেটদের নাম থাকবে না। শুধু থাকবে সিম্বল এবং সিম্বলের পাশে একটা স্পেস করে দেওয়া থাকবে। সেই স্পেসে তারা টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোটটা দেবেন।

প্রবাসীদের ভোটের বিষয়টি কবে শুরু হবে জানতে চাইলে ইসি সচিব বলেন, এটা কবে নাগাদ শুরু করতে পারব এটা সিডিউল ঘোষণার সাথে সম্পর্কিত। আমরা এটা সিনক্রোনাইজ করে পরে জানিয়ে দেব।

ইসি সচিব জানান, যারা আইনি হেফাজতে থাকেন এবং নির্বাচনের দিনে যারা সরকারিভাবে নির্ধারিত দায়িত্ব পালন করেন, তাদের জন্যে ইন কান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমটা করা হয়েছে। পদ্ধতিটা প্রবাসীদের মতো একই। শুধু সময়ের পার্থক্যটুকু থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত