স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন

র‌্যাব নিয়ে আর কোনো অভিযোগ নেই

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ এএম

আওয়ামী লীগ সরকারের সময়ে র‌্যাবের বিরুদ্ধে ‘ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের’ মতো অভিযোগ এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় নাম ওঠা সত্ত্বেও, বর্তমানে এ বাহিনীর চিত্র ভিন্ন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি র‌্যাবের প্রশংসাও করেছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উত্তরায় র‌্যাব সদর দপ্তরে এক বৈঠক শেষে তিনি বলেন, ‘৫ আগস্টের আগে র‌্যাবের যে কর্মকাণ্ড ছিল, তা এখন আর নেই। এখন সবাই র‌্যাবের কর্মকাণ্ডের প্রশংসা করে।’

তিনি আরও বলেন, ‘তারা এখন খুবই ভালোভাবে কাজ করে যাচ্ছে। তাদের পারফরম্যান্স অত্যন্ত ভালো। মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার এবং দুষ্কৃতকারীদের বিরুদ্ধে তাদের অভিযান প্রশংসার দাবিদার।’

এ সময় আসন্ন দুর্গাপূজার পরিস্থিতি নিয়ে পার্শ¦বর্তী দেশের মিথ্যা প্রচারের বিষয়ে তিনি বলেন, ‘এখনো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়নি। ঢাকাসহ দেশের প্রতিটি পূজামণ্ডপের প্রস্তুতি চলছে। এরই মধ্যে পার্শ্ববর্তী দেশ িপূজামণ্ডপ ঘিরে নানা অপপ্রচার চালাচ্ছে। আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে। দু-একটি জায়গায় হয়তো ছোটখাটো ঘটনা ঘটতে পারে, যা অসাবধানতার কারণে হতে পারে। তবে প্রতিটি পূজামণ্ডপে আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছি। দ্রুত সময়ের মধ্যে আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘গতকাল পঞ্চগড়ে একটি ঘটনা নিয়ে পার্শ¦বর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে। তারা মিথ্যা সংবাদ প্রচার করছে। ফলে এসব মিথ্যা সংবাদের বিপরীতে আপনাদের (সাংবাদিকদের) সত্য সংবাদ প্রচার করতে হবে। একই সঙ্গে পূজামণ্ডপ কমিটিকেও সতর্ক থাকতে হবে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিগত সরকারের সময়ে যারা অবসরে গেছেন, তাদের পুনরায় নিয়োগের বিষয়টি নিয়ম মেনেই করা হচ্ছে। এ ধরনের নিয়ম আগেও ছিল এবং এখনো রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত