যুক্তরাষ্ট্র ফেন্টানিলের উপাদান পাচারে জড়িত ভারতীয় ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যদের ভিসা বাতিল করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এসব ব্যক্তিরা নতুন ভিসার জন্য আবেদন করলেও তা প্রত্যাখ্যাত হবে। এই খবর ভারতের এনডিটিভি সংবাদমাধ্যম জানিয়েছে।
দূতাবাস কোনো নাম প্রকাশ করেনি, তবে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্টরা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবে না। ফেন্টানিল পাচারের সঙ্গে যুক্ত কোম্পানির শীর্ষ নেতৃত্ব ভিসার আবেদন করলে মার্কিন কর্তৃপক্ষ তা চিহ্নিত করে বাতিল করবে।
দূতাবাস আরও জানিয়েছে, মার্কিন সরকার মাদক পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। যারা অবৈধভাবে মাদক উৎপাদন বা পাচারে জড়িত, তাদের ও তাদের পরিবারের ওপর প্রভাব পড়বে, যার মধ্যে ভিসা প্রত্যাখ্যান অন্যতম।
মার্কিন দূতাবাস ভারত সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার কথাও উল্লেখ করেছে এবং জানিয়েছে, দুই দেশের যৌথ প্রয়াস ছাড়া অবৈধ মাদকের হুমকি প্রতিরোধ সম্ভব নয়।
ফেন্টানিল হলো কৃত্রিমভাবে তৈরি একটি শক্তিশালী ওপিওইড, যা হেরোইনের চেয়ে প্রায় পঞ্চাশ গুণ শক্তিশালী। মাত্র দুই মিলিগ্রামেই এটি প্রাণঘাতী হতে পারে।
যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানায়, ২০২৪ সালে ফেন্টানিল-সংক্রান্ত মাদক ব্যবহারের কারণে প্রায় অর্ধলাখের বেশি মানুষ মারা গেছে। এটি বর্তমানে ১৮ থেকে ৪৫ বছর বয়সী মার্কিন নাগরিকদের মধ্যে প্রধান মৃত্যুর কারণ।
ফেন্টানিল প্রথমবার ১৯৬০-এর দশকে ব্যথানাশক হিসেবে ব্যবহারের অনুমোদন পায়, তবে পরে এটি সবচেয়ে প্রাণঘাতী মাদক হিসেবে পরিচিত হয়।
আগে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা (ডিএনআই) জানিয়েছে, চীন ও ভারত ফেন্টানিলের কাঁচামাল সরবরাহে জড়িত। বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়, এই দুই দেশ মাদক উৎপাদনকারী অপরাধী চক্রের কাছে সরাসরি ও পরোক্ষভাবে রাসায়নিক উপকরণ দিয়ে থাকে।
এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা: বোয়িং ও হানিওয়েলের বিরুদ্ধে মামলা