এবি শ্রমিক পার্টির সমাবেশ

বিএনপি-জামায়াতকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরামর্শ দিলেন মঞ্জু

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম

সবার মনে শঙ্কা ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা! জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্যের কাছাকাছি পৌঁছানো সম্ভব হলেও রাজপথে কর্মসূচি ঘোষণা নিয়ে আবারও সংশয় দেখা দিয়েছে।

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি ও জামায়াতের বিরোধকে দুঃখজনক উল্লেখ করে এবি শ্রমিক পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, মাত্র ৭ বছর আগে দলীয় স্বার্থে দুই দল একই মার্কা নিয়ে নির্বাচন করেছেন। এখন জাতির বৃহত্তর স্বার্থে উভয় দল একজোট-এক মার্কা নিয়ে নির্বাচন করলে সমস্যা কোথায! তিনি বলেন আমি মনেকরি এর ফলে নির্বাচন নিয়ে আর কোন অনিশ্চয়তা থাকবে না।

আজ জাতীয় প্রেস ক্লাবে মজিবুর রহমান মঞ্জু এ কথা বলেন। সম্মেলনে শ্রমিক বিষয়ক সহ সম্পাদক আজিজা সুলতানার সঞ্চালনায় এবি শ্রমিক পার্টির আহ্বায়ক শেখ জামাল উদ্দিন সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান।

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, নতুন ভূমিষ্ঠ হওয়া বাংলাদেশে রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে বিতর্কে ব্যস্ত হয়ে পড়ায় দ্রুত দেশের কাজগুলো আটকে পড়েছে। দ্রুত নির্বাচন ও দ্রুত ক্ষমতাসীন হওয়ার উদ্দেশ্যে আমরাও অনেক সময় হঠাৎ সিদ্ধান্তে চলে যাচ্ছি। এবি পার্টি মনে করে—আগে দেশকে গড়ে তোলা প্রয়োজন; তারপর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করা উচিত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউ তা মনযোগ দিয়ে বিবেচনা করছে না।

তিনি আরও জোর দিয়ে বলেন, গণহত্যার সুনির্দিষ্ট দায়ীদের বিচারের ব্যবস্থা করতে হবে; যারা এই জাতিকে নির্বাচন থেকে বঞ্চিত করেছে, তাদের প্রাসঙ্গিকভাবে বিচারের আওতায় আনা উচিত—বিশেষত যারা ক্ষমতায় থেকে দেশের গণতান্ত্রিক অধিকার হরণে ভূমিকা রেখেছে।

রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি আহ্বান জানান—নিজস্ব দলীয় স্লোগানগুলো আপাতত স্থগিত রেখে জনগণের স্লোগানকে অগ্রাধিকার দিতে হবে, যেমন আমরা জুলাইয়ে করেছিলাম। রাজনৈতিক দলগুলো যদি নাগরিকদের দক্ষ করে গড়ে তোলার দিকে কাজ করে, তাহলে শ্রমিকদের জন্য বিষয়ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করা সহজ হবে। শ্রমিকরাই একটি দেশ বদলে দিতে পারে; তাই শ্রমিকদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

প্রোগ্রামে সভাপতিত্ব করেন এবি শ্রমিক পার্টির সমন্বয়ক শেখ জামাল হোসেন, সঞ্চালনা করেন শ্রমিক পার্টির সহ-সমন্বয়ক আজিজা সুলতানা।

প্রোগ্রামে আরো বক্তব্য রাখেন এবি পার্টির শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আব্দুল হালিম খোকন, কক্সবাজার শ্রমিক পার্টির জেলা আহবায়ক মো. হাসান মাওলানা লুৎফর রহমান আব্বাসী, এবি পার্টির সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, আব্দুল কাদের মুন্সী, সিলেট জেলার আহবায়ক আখতার হোসেন, রওওশন আলী, মনির হোসেন সহ আরো অনেক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত