সমালোচনাকারী টিভির লাইসেন্স বাতিলের হুমকি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সমালোচনা করা টিভি নেটওয়ার্কের সম্প্রচার লাইসেন্স বাতিল করার ইঙ্গিত দিয়েছেন। গতকাল শুক্রবার বিবিসির প্রতিবেদনে এ কথা জানিয়েছে। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ৯৭ শতাংশ সংবাদই আমার বিপক্ষে যায়। তবুও আমি সহজেই জিতেছি, সাতটি সুইং স্টেটেই। তারা আমাকে শুধু নেতিবাচক প্রচার দেয়, অথচ লাইসেন্স পায়। হয়তো তাদের লাইসেন্স কেড়ে নেওয়া উচিত। এবিসি টিভি নেটওয়ার্কের জনপ্রিয় সঞ্চালক জিমি কিমেলকে সাময়িকভাবে বরখাস্তের ঘটনায় সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা এফসিসিকে সমর্থন জানিয়ে তিনি এ মন্তব্য করেন। ডিজনি মালিকানাধীন এবিসি বুধবার কিমেলের অনুষ্ঠান ‘জিমি কিমেল লাইভ’ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। ট্রাম্পের উগ্র ডানপন্থি মিত্র চার্লি কার্ক হত্যাকাণ্ড ঘিরে কিমেল তার অনুষ্ঠানে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। এর জেরে ট্রাম্প প্রশাসন এবিসি টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিলের হুমকি দিলে, তড়িঘড়ি করে ‘জিমি কিমেল শো’ বন্ধের ঘোষণা দেয় কর্র্তৃপক্ষ।

গত সোমবার এক মনোলগে কিমেল সন্দেহভাজন হামলাকারীর সঙ্গে মাগা রিপাবলিকানদের সম্পর্কের ইঙ্গিত দেন, যদিও পুলিশ বলেছিল অভিযুক্তের বামপন্থি মতাদর্শ ছিল। দেশটির সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডান কার বৃহস্পতিবার ফক্স নিউজকে বলেন, কিমেল বরখাস্ত হওয়া শেষ পদক্ষেপ নয়। ব্রডকাস্টারদের জবাবদিহি করতে হবে। না হলে তারা লাইসেন্স ফিরিয়ে দিতে পারে। হলিউডের সংগঠন রাইটার্স গিল্ড অব আমেরিকা ও স্ক্রিন অ্যাকটরস গিল্ড কিমেলের বরখাস্তকে মতো প্রকাশের সাংবিধানিক অধিকার লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। অভিনেতা বেন স্টিলার ও জিন স্মার্টও সমালোচনা করেছেন। এটিকে সরাসরি সরকারি সেন্সরশিপ বলে মন্তব্য করেছেন সিবিএস সঞ্চালক স্টিফেন কোলবার্ট।

এ ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রে মতভেদ দেখা দিয়েছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বছরের পর বছর বাতিল সংস্কৃতি নিয়ে অভিযোগ শোনার পর এখনকার প্রশাসন এটিকে আরও বিপজ্জনক স্তরে নিয়ে গেছে। মিডিয়াকে ভয় দেখিয়ে বা শাস্তি দিয়ে চুপ করানোর এটাই প্রমাণ। তবে কিমেলের মন্তব্য অনেকে অসচেতন ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে বরখাস্তকে শাস্তি হিসেবে সমর্থন করেছেন। মিডিয়া উদ্যোক্তা ডেভ পোর্টনয় বলেন, অসংখ্য মানুষ কোনো মন্তব্যকে আক্রমণাত্মক মনে করলে তার ফল ভোগ করাই স্বাভাবিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত