লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুরত আলী (৫০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার সারপুকুর ইউনিয়নের খারুভাজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরত আলী ওই গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সকালে সুরত আলী তার অটোবাইক চার্জ দিচ্ছিলেন। চার্জার সুইচ বন্ধ না করেই অটো খুলতে গিয়ে হঠাৎ বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপ-সহকারী মেডিকেল অফিসার আব্দুস সালাম শেখ বলেন, হাসপাতালে আনার আগেই সুরত আলীর মৃত্যু হয়।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
