জুলাই যোদ্ধারা ঘুমিয়ে যায়নি। বাংলাদেশে আবার যদি ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করে জুলাই যোদ্ধারা ফের মোকাবিলা করবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে টেকনাফে যুব জামায়াতে ইসলামীর সমাবেশে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।
উখিয়া-টেকনাফে যুবকদেরকে ঐক্যবদ্ধ করার কথা জানিয়ে তিনি বলেন, আমরা যে আন্দোলন শুরু করেছি, সে আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ করে ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিন। এদেশের গণমানুষকে সঙ্গে নিয়ে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিতের মধ্যদিয়ে আমরা ইসলামের বাংলাদেশ গঠন করবো ইনশাআল্লাহ। সেই বাংলাদেশে আমরা যুবকদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।
জামায়াত নেতা বলেন, ১০ বছর বয়সে হযরত আলী ইসলামি আন্দোলনে যোগ দিয়ে ইসলামের বিজয়ে অকতোভয়ের ভূমিকা পালন করেছিলেন। একইভাবে ১৭ বছরের যুবক মুহাম্মদ বিন কাশেমও ইসলামের পতাকা উড়িয়েছেন। আজকে যারা এই সমাবেশ বসে আছেন, আপনার হযরত আলী, মুহাম্মদ বিন কাশেমের উত্তরসূরি।
তিনি বলেন, হযরত আলী ও মুহাম্মদ বিন কাশেম বুকের তাজা রক্ত দিয়ে ইসলামের সীমানাকে সূদুর আরব থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিযেছিলেন। আজকের যুবকেরা তাদের উত্তরসূরী হিসেবে ইসলামের অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরেকটি ইসলামের অকতোভয় সৈনিকের ভূমিকা পালন করবেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা সমাজ কল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোছাইন সিদ্দিকী, টেকনাফ উপজেলা আমির মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও হোয়াইক্যং ইউনিয়ন আমির মাওলানা মুহাম্মদ ইবরাহীম, উপজেলা দপ্তর ও অর্থ সম্পাদক মোহাম্মদ হোছাইন,বাহারছড়া ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মদ ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
