গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ পিএম

গণ অধিকার পরিষদের জেলা ও কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে কমিটি বাণিজ্য, অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানান অভিযোগ তুলে একযোগে গণ পদত্যাগ করেন নীলফামারীর ডিমলা উপজেলা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার খগারহাটের মিনি স্টেডিয়াম মাঠে সংবাদ সম্মেলন করে এই পদত্যাগের ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম। তার সঙ্গে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সাদেকসহ আরও শতাধিক নেতাকর্মী।

রেজাউল করিম তার লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, নীতি, নৈতিকতা ও আদর্শের কথা বলে সংগঠন শুরু হলেও বর্তমানে তা থেকে সম্পূর্ণ বিচ্যুত। সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের সম্পূর্ণভাবে অবমূল্যায়ন করা হয়েছে। যারা মাঠ পর্যায়ে সর্বস্ব দিয়ে সংগঠন গড়ে তুলেছেন, তাদের কোনো মূল্য নেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে স্বৈরাচারী আচরণ করা হয়েছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অপমানজনক।

তিনি আর অভিযোগ করে বলেন, জেলা ও উপজেলার বিভিন্ন কমিটি গঠনে অর্থ বাণিজ্য হয়েছে। জেলা গণঅধিকার পরিষদের সকল অঙ্গসংগঠনের নেতাদের মৌখিক ভোট উপেক্ষা করে উপকমিটি গঠন করা হলেও তাদের সিদ্ধান্তের তোয়াক্কা না করে অলৌকিক ক্ষমতায় কমিটি ঘোষণা করা হয়েছে যা ওই উপকমিটিই জানে না। মূল সংগঠন গণঅধিকার পরিষদ হলেও, নিয়ন্ত্রণ করছে অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ যা সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী।

বর্তমান সংগঠন তার মূল পথ ও উদ্দেশ্য থেকে সরে এসেছে। তাই নিজের আত্মমর্যাদা, রাজনৈতিক আদর্শ ও তৃণমূল কর্মীদের প্রতি দায়িত্ববোধ থেকেই এই সংগঠন থেকে শতাধিক নেতাকর্মী সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত